
পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে সার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মাহমুদুল হাসান (২৮) নামে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে একটি গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম বোদা উপজেলার ঝলইশালশিরি কালিয়াগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবীসহ বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত মাহমুদুল হাসান ঝলইশালশিরী ইউনিয়নের কালিয়াগঞ্জ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সার বিক্রির বৈধ অনুমতিপত্র (লাইসেন্স) ছাড়া নিজ গুদামে অবৈধভাবে সার মজুদ করে তা অতিরিক্ত দামে বিক্রি করছিলেন মাহমুদুল হাসান। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(১) ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, কৃষকদের সুরক্ষা ও সারের বাজার স্থিতিশীল রাখতে অনুমতিহীন ও অবৈধ সার মজুদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।।
আবু সুফিয়ান (বোদা) পঞ্চগড় 
















